চা পান করলে গায়ের রং কালো হয়ে যায় এমন ধারণা সমাজে বেশ প্রচলিত। বিশেষ করে মেয়েদের চা খাওয়া নিয়ে এই ধরনের সতর্কবার্তা প্রায়ই শোনা যায়। তবে চা পান করার সঙ্গে ত্বকের স্বাভাবিক রং কালো হয়ে যাওয়ার সরাসরি সম্পর্কের পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
ত্বকের রং মূলত নির্ধারিত হয় মেলানিন নামের একটি প্রাকৃতিক রঞ্জকের মাধ্যমে। ত্বকের মেলানোসাইট কোষ মেলানিন তৈরি করে। মেলানিনের পরিমাণ ও ধরন মানুষের জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এর পাশাপাশি সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শ, হরমোনের পরিবর্তন এবং কিছু শারীরিক অবস্থার প্রভাবেও ত্বকের রঙে পরিবর্তন আসতে পারে।
চায়ের সঙ্গে মেলানিনের সম্পর্ক আছে কি?
চায়ে ক্যাফেইন, পলিফেনল ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টসহ বেশ কিছু জৈব সক্রিয় উপাদান রয়েছে। বিশেষ করে গ্রিন টি ও ব্ল্যাক টি নিয়ে বিভিন্ন গবেষণায় এসব উপাদানের সম্ভাব্য স্বাস্থ্যগত প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
তবে চা পান করলে মেলানিনের উৎপাদন বেড়ে গিয়ে ত্বকের স্বাভাবিক রং কালো হয়ে যায় এমন কোনো প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক প্রমাণ নেই। ফলে শুধু ত্বকের রং কালো হয়ে যাওয়ার আশঙ্কায় চা পান বন্ধ করার প্রয়োজন নেই।
অতিরিক্ত চা পানে কী হতে পারে?
চা সাধারণত পরিমিত পরিমাণে পান করা হলে অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য সমস্যা তৈরি করে না। তবে চায়ে থাকা ক্যাফেইনের কারণে অতিরিক্ত চা পান করলে কিছু মানুষের ঘুমের সমস্যা, অস্থিরতা, উদ্বেগ বা হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
তাই চা পান করার ক্ষেত্রে পরিমাণের বিষয়টি গুরুত্বপূর্ণ। কারও ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতা বেশি হলে তাঁর ক্ষেত্রে কম পরিমাণেও এসব সমস্যা দেখা দিতে পারে।
খাবারের সঙ্গে চা পানেও সতর্কতা
চা পান নিয়ে আলোচনায় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো আয়রন শোষণ। চায়ের কিছু পলিফেনল খাবার থেকে শরীরে আয়রন শোষণের পরিমাণ কমাতে পারে। বিশেষ করে উদ্ভিজ্জ খাবারে থাকা নন-হিম আয়রনের শোষণে এ প্রভাব বেশি গুরুত্বপূর্ণ।
এ কারণে যাদের আয়রনের ঘাটতির ঝুঁকি রয়েছে, তাঁদের খাবারের সঙ্গে বা খাবারের পরপরই চা পান না করাই ভালো। খাবার ও চা পানের মধ্যে সময়ের ব্যবধান রাখা যেতে পারে।
ত্বকের রং নয়, গুরুত্ব পাক স্বাস্থ্য
চা গায়ের রং কালো করে এমন প্রচলিত ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই শুধু ত্বকের রং পরিবর্তনের ভয় থেকে চা পান নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সঙ্গে চা অতিরিক্ত পান করাও স্বাস্থ্যকর অভ্যাস নয়।
খাদ্যাভ্যাস নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সামাজিক প্রচলন বা লোকবিশ্বাসের পরিবর্তে বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ত্বকের রংও মানুষের স্বাস্থ্য বা সৌন্দর্যের নির্ভরযোগ্য মানদণ্ড নয়। একজন মানুষের সুস্থতা নির্ভর করে তাঁর সামগ্রিক পুষ্টি, শারীরিক স্বাস্থ্য ও জীবনযাপনের ওপর।
রাইসা মেহজাবীন
ফিটনেস পুষ্টিবিদ
বি.এসসি (অনার্স), ফুড অ্যান্ড নিউট্রিশন, ডিইউ
এমপিএইচ (চলমান), পাবলিক হেলথ নিউট্রিশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি
পিজিটি (Nutrition and Fitness Training), ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার
স্পেশালাইজড ইন ফিটনেস নিউট্রিশন ট্রেনিং, নিউট্রিশন সলিউশনস
ব্রাঞ্চ ম্যানেজার ও ফিটনেস কোচ, ইন্সপিরন ফিটনেস এন্ড ডায়েট কনসালটেন্সি সেন্টার, ধানমন্ডি ব্রাঞ্চ
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), নিউট্রিশন ফর চেঞ্জ


