হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

Share

দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাসটির এমন কোনো নতুন জেনেটিক পরিবর্তনের প্রমাণ মেলেনি, যা বিদ্যমান টিকার সুরক্ষাকে এড়িয়ে যেতে পারে। এছাড়া দুই ডোজ টিকা নেওয়া শিশুদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক অনেক কম, আর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে টিকার নির্ধারিত বয়স না হওয়া ৯ মাসের কম বয়সী শিশুরা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের যৌথ এক প্রাথমিক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। চলতি বছরের ২০ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৪ বছর বা তার কম বয়সী ৩৪১ শিশুকে নিয়ে গবেষণাটি পরিচালিত হয়।

গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, চলমান প্রাদুর্ভাবের তীব্রতার কারণে ভাইরাসের রূপ পরিবর্তন ও ভ্যাকসিনের কার্যকারিতা কমে যাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হলেও গবেষণায় এর কোনো প্রমাণ মেলেনি। হাসপাতালে ভর্তি হওয়া ৩৪১ শিশুকে বয়স ও টিকাদানের ভিত্তিতে চারটি দলে ভাগ করে দেখা যায়, টিকা পাওয়ার বয়স না হওয়া ৯ মাসের কম বয়সী ১৪৬ শিশুর মধ্যে ১৪২ জনই (৯৭ শতাংশ) হামে আক্রান্ত হয়েছে।

একইভাবে, টিকার বয়স হলেও এক ডোজও না পাওয়া ১২৬ শিশুর মধ্যে ১২২ জনের (৯৭ শতাংশ) হাম শনাক্ত হয়। অপরদিকে, এক ডোজ টিকা নেওয়া ৪৮ শিশুর মধ্যে ৪৪ জন (৯২ শতাংশ) এবং দুই ডোজ সম্পূর্ণ করা ২১ শিশুর মধ্যে ১৬ জন (৭৬ শতাংশ) আক্রান্ত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়া শিশুদের আক্রান্তের হার ৭৬ শতাংশে নেমে আসা টিকার সুরক্ষামূলক ক্ষমতারই বড় প্রমাণ।

আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের ভাইরোলজি ল্যাবরেটরির সহযোগী বিজ্ঞানী ডা. নূরজাহান মালিহা বলেন, প্রাদুর্ভাবের বিশাল আকারের কারণে ভ্যাকসিন এখনো কাজ করছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। তবে গবেষণায় ভাইরাসটি ভ্যাকসিনের সুরক্ষা এড়িয়ে গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুই ডোজ টিকা পাওয়া শিশুদের মধ্যে আক্রান্তের হার কম দেখা গেছে।

তবে তিনি এও জানিয়েছেন, হাসপাতাল ভিত্তিক এই গবেষণা থেকে পুরো জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিনের কার্যকারিতা নির্ধারণ করা সম্ভব নয়।

গবেষকেরা জানিয়েছেন, পূর্ণাঙ্গ টিকা নেওয়ার পরও ১৬ শিশুর আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধান প্রয়োজন। সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে টিকার পর পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া, সময়ের সঙ্গে অ্যান্টিবডির মাত্রা কমে যাওয়া, পুষ্টিহীনতা বা অন্যান্য ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ। তবে এই গবেষণা এসব কারণ নির্ধারণের উদ্দেশ্যে পরিচালিত হয়নি।

গবেষণার অংশ হিসেবে আইসিডিডিআর,বি ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) যৌথভাবে ৫৫টি হোল-জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করেছে। এর মধ্যে ১৮টি আইসিডিডিআর,বি এবং ৩৭টি আইইডিসিআর সম্পন্ন করেছে।

বিশ্লেষণে দেখা গেছে, সব ভাইরাসই বি৩ সাবক্লেডের অন্তর্ভুক্ত এবং বিশ্বের অন্যান্য দেশে পাওয়া বি৩ ভাইরাসের সঙ্গে এদের মিল রয়েছে। গবেষকেরা ভাইরাসের ‘এইচ’ প্রোটিনে চারটি মিউটেশন শনাক্ত করেছেন। তবে এসব পরিবর্তন নতুন নয় এবং আগে অন্যান্য দেশেও শনাক্ত হয়েছিল।

গবেষকদের মতে, এসব মিউটেশন থাকলেই ভাইরাস ভ্যাকসিন-প্রতিরোধী হয়ে গেছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ হাম এখনো একটি একক সেরোটাইপের ভাইরাস এবং ভ্যাকসিনের মাধ্যমে তৈরি অ্যান্টিবডি ভাইরাসের একাধিক অংশ শনাক্ত করতে সক্ষম। এসব পরিবর্তনের কার্যকর প্রভাব রয়েছে কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষণায় আরও দেখা গেছে, ৯ মাস বয়সের আগে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বাংলাদেশে হাম-রুবেলা টিকার প্রথম ডোজ দেওয়া হয় ৯ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে। এর আগে শিশুরা মূলত মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডি এবং সমাজে বিদ্যমান সমষ্টিগত রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নির্ভরশীল থাকে।

আইসিডিডিআর,বির আগের একটি জন্ম-কোহর্ট গবেষণার সংরক্ষিত নমুনার প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, জীবনের প্রথম কয়েক মাসেই মায়ের কাছ থেকে পাওয়া হামের অ্যান্টিবডি দ্রুত কমে যায়। বিশ্লেষণে অন্তর্ভুক্ত ১৬ জোড়া মা-শিশুর মধ্যে ৩ থেকে ৮ মাস বয়সী শিশুদের কারও শরীরে সুরক্ষামূলক অ্যান্টিবডি পাওয়া যায়নি। তবে নমুনা ছোট হওয়ায় এ বিষয়ে আরও বড় পরিসরে গবেষণার প্রয়োজন রয়েছে।

আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, হাম প্রতিরোধে এবং জটিল রোগের ঝুঁকি কমাতে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে জাতীয়ভাবে টিকাদানের হার তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও কেন এত বড় প্রাদুর্ভাব দেখা দিল, সেটি খুঁজে বের করা জরুরি।

ভাইরোলজি ল্যাবরেটরির সহকারী বিজ্ঞানী ডা. কামরুন নাহার বলেন, কোন শিশুরা টিকা থেকে বাদ পড়ছে এবং জাতীয় কভারেজের আড়ালে কোনো জনগোষ্ঠীতে বড় ধরনের রোগপ্রতিরোধ ঘাটতি রয়েছে কি না, তা অনুসন্ধান করা প্রয়োজন। এসব তথ্য ভবিষ্যতে টিকাদান কৌশল আরও কার্যকর করতে সহায়তা করবে।

বর্তমান প্রাদুর্ভাব মোকাবিলায় আইসিডিডিআর,বি চারটি বিভাগীয় হাসপাতালে ক্লিনিক্যাল কোহর্ট গবেষণা শুরু করেছে। পাশাপাশি ল্যাবরেটরি ও জিনোমিক নজরদারি, সম্প্রসারিত জন্ম-কোহর্ট ইমিউনোলজি গবেষণা, হামের চিকিৎসায় জিংকের ব্যবহার নিয়ে পাইলট গবেষণা এবং শিশুরা কেন টিকা থেকে বাদ পড়ছে, সে বিষয়ে মাঠপর্যায়ের গবেষণাও চলছে।

গবেষকেরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের টিকাদানে কোনো ধরনের বিলম্ব বা অনীহা দেখানো উচিত নয়। নির্ধারিত বয়স অনুযায়ী হাম-রুবেলা টিকার সব ডোজ নিশ্চিত করার পাশাপাশি প্রাদুর্ভাবের সময় সরকারের টিকাদান–সংক্রান্ত নির্দেশনা মেনে চলা প্রয়োজন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১৫ হাজার ২৭২ জনের সংক্রমণ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু নিশ্চিত করার পাশাপাশি আরও ৭২১টি সন্দেহভাজন মৃত্যুর ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

Share this news as a Photo Card

Share

সর্বশেষ সংবাদ

Don't Miss

দেশে প্রথম নভো নরডিস্কের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করল এসকেএফ

বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো দেশে নভো নরডিস্কের বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজের উৎপাদন শুরু করেছে। ডেনমার্কের ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে...

ঘুমের সমস্যা: ম্যাগনেসিয়াম ঘাটতি কি আসল কারণ?

বর্তমান ব্যস্ত জীবনে ঘুমের সমস্যা অনেকের কাছেই খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ভাবেন—স্ট্রেস, মোবাইল ব্যবহার বা অনিয়মিত জীবনযাপনই এর একমাত্র কারণ।...

Related Articles

ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি...

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাদের ক্যারিয়ার (বাহক) অবস্থা...

১ জানুয়ারি থেকে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট

দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট আগামী ১...

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য এআই বিষয়ক সেমিনার ও সনদ প্রদান অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আজ (শনিবার) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটিতে...

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়ক ৩ ব্যায়াম, নিয়মিত অভ্যাস করুন আজ থেকেই

নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর একটি হলো স্তন ক্যানসার।...

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশি চিকিৎসকদের...

03 August 2026

হামের জেনেটিক পরিবর্তনের প্রমাণ নেই, বেশি ঝুঁকিতে ৯ মাসের কম বয়সী শিশুরা

Shastho.TV |
ShasthoTV
ShasthoTV