রাজধানীর শ্যামলী ও কলেজ গেট এলাকায় অবস্থিত ‘ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক’ অবিলম্বে সিলগালা করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। সোমবার (২৩ মার্চ) বিকেলে হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে নানা অনিয়ম ও অসাধু চক্রের দৌরাত্ম্য খুঁজে পাওয়ায় তিনি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।
সোমবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালটি পরিদর্শনে গিয়ে সেখানে ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। মন্ত্রীর আগমনের খবর পেয়ে অনেক ভুক্তভোগী সেখানে জড়ো হয়ে হাসপাতালটির বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তুলে ধরেন।
ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন, পুরো হাসপাতালটি একটি অসাধু চক্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় তিনি তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করার নির্দেশের পাশাপাশি সেখানে চিকিৎসাধীন সকল রোগীকে দ্রুত নিরাপদ অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন।
এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় আগামীকাল মঙ্গলবার থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার সকল বেসরকারি হাসপাতালে বিশেষ অভিযান চালানো হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেন।


Leave a comment